ভেজাল দুধের মরণফাঁদ ১৬ জনের মর্মান্তিক মৃত্যু – এবেলা
এবেলা ডেস্কঃ
অন্ধ্রপ্রদেশের গোদাবরী জেলায় ভেজাল দুধ পানের জেরে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। লালাচেরুভু, চৌদেশ্বরনগর এবং স্বরূপনগর এলাকায় বিষাক্ত দুধ খেয়ে এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও ৩ জন।
তদন্তে জানা গেছে, গত ফেব্রুয়ারি মাস থেকেই ওই এলাকার একটি নির্দিষ্ট ডেইরি থেকে সরবরাহ করা দুধে ‘ইথিলিন গ্লাইকল’ নামক মারাত্মক বিষাক্ত রাসায়নিক মেশানো হচ্ছিল। এই দুধ পান করার পরপরই আক্রান্তদের বমি, পেটে ব্যথা এবং কিডনি বিকল হওয়ার মতো উপসর্গ দেখা দেয়। অসুস্থদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। বর্তমানে অনেক রোগী ভেন্টিলেশন ও ডায়ালাইসিসে রয়েছেন। ঘটনার পর থেকেই পলাতক ডেইরি মালিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে স্থানীয় জনতা।

