ভোট ঘোষণা হতেই রাজ্যে প্রশাসনিক রদবদল, মধ্যরাতে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরাল কমিশন – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যে নজিরবিহীন প্রশাসনিক রদবদল করল নির্বাচন কমিশন। রবিবার রাতে এক নির্দেশে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মিনাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নন্দিনী চক্রবর্তীর স্থলাভিষিক্ত হচ্ছেন ১৯৯৩ ব্যাচের আইএএস অফিসার দুষ্মন্ত নারিয়ালা এবং নতুন স্বরাষ্ট্রসচিব পদে আসছেন সংঘমিত্রা ঘোষ। সোমবার দুপুর তিনটের মধ্যে তাঁদের দায়িত্বভার গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনিক মহলের মতে, নির্বাচনের আগে মুখ্যসচিবকে সরিয়ে দেওয়ার এই ঘটনা কার্যত নজিরবিহীন। এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় তৎকালীন স্বরাষ্ট্রসচিবকে সরানো হলেও, এবার খোদ মুখ্যসচিবকে সরিয়ে কঠোর বার্তা দিল কমিশন। ভোট ঘোষণার পর বর্তমানে রাজ্য প্রশাসনের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের হাতে রয়েছে। এই রদবদলের মাধ্যমে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই কমিশনের প্রাথমিক লক্ষ্য বলে মনে করা হচ্ছে।
প্রশাসনের পাশাপাশি পুলিশ স্তরেও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। সোমবার রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনার পদে রদবদল হতে পারে বলে সূত্রের খবর। ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পান্ডের পরিবর্তে অজয় নন্দাকে নতুন ডিজি হিসেবে নিয়োগের জল্পনা তুঙ্গে। দুই দফায় আয়োজিত এবারের বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনের এই ঝটিকা রদবদল রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বর্তমানে পরিস্থিতি পর্যালোচনায় ব্যস্ত নবান্নের শীর্ষ মহল।

