ভোট প্রচারে খরচের সীমা বাড়িয়ে ৪০ লক্ষ করল কমিশন: মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থীদের প্রচারের খরচের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৪০ লক্ষ টাকা নির্ধারণ করেছে জাতীয় নির্বাচন কমিশন। ২০১৬ সালে এই অঙ্ক ২৮ লক্ষ এবং ২০২১ সালে ৩০ লক্ষ টাকা থাকলেও, বর্তমান বাজারদর ও মুদ্রাস্ফীতির কথা বিবেচনা করে এবার তা আরও ১০ লক্ষ টাকা বাড়ানো হয়েছে। ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যের ২৯৪টি আসনে ভোট গ্রহণ করা হবে, যার প্রস্তুতিতে ইতিমত্যে কোমর বেঁধে নেমেছে প্রধান রাজনৈতিক দলগুলো।
কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে ভিন্ন মত। মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায় একে ‘মন্দের ভালো’ বলে অভিহিত করেছেন, কারণ পতাকা ও প্রচার সভার খরচ বর্তমানে আকাশছোঁয়া। অন্যদিকে, হাবড়ার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিকের মতে এই বরাদ্দ অত্যন্ত সামান্য। তিনি প্রস্তাব দেন যে, খরচের স্বচ্ছতা বজায় রাখতে কমিশন নিজেই যদি প্রচারের দায়িত্ব নিত, তবে তা অধিক কার্যকর হতো।
বিপরীত মেরুতে দাঁড়িয়ে বেহালা পশ্চিমের সিপিএম প্রার্থী নীহার ভক্ত এই বর্ধিত খরচকে ‘বাড়াবাড়ি’ বলে মনে করছেন। তাঁর দাবি, সাড়ে ১২ লক্ষ টাকার মধ্যেই একটি বিধানসভা কেন্দ্রের প্রচার সম্পন্ন করা সম্ভব। বাম শিবিরের মতে, প্রার্থীরা অতিরিক্ত এই অর্থ অন্য উপায়ে ব্যবহারের সুযোগ নিতে পারেন। কংগ্রেস এখনও আনুষ্ঠানিক তালিকা প্রকাশ না করলেও, প্রধান তিন দলের প্রার্থীরা ইতিমত্যে ময়দানে নেমে পড়েছেন।

