লেটেস্ট নিউজ

ভোট মিটলেই আকাশছোঁয়া হবে জ্বালানি ও গ্যাসের দাম, বড় আশঙ্কাপ্রকাশ রাহুল গান্ধীর – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরান-ইজরায়েল যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে ভারতীয় অর্থনীতিতে। এই পরিস্থিতিতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সতর্কবার্তা দিয়েছেন যে, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হওয়া মাত্রই সাধারণ মানুষের পকেটে টান পড়বে। তাঁর দাবি, ভোট মিটলেই কেন্দ্র সরকার একযোগে পেট্রল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দেবে। বর্তমানে ভোটের কারণে দামবৃদ্ধি আটকে থাকলেও, ফলাফল ঘোষণার পরই পরিস্থিতি বদলে যাবে বলে তিনি মন্তব্য করেন।

সোশ্যাল মিডিয়া পোস্টে রাহুল গান্ধী জানান, ডলারের বিপরীতে টাকার রেকর্ড পতন এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম তীব্র মুদ্রাস্ফীতিরই আগাম লক্ষণ। তাঁর মতে, উৎপাদন ও পরিবহণ খরচ বৃদ্ধি পাওয়ার ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগামছাড়া হবে। এর ফলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিতে পারেন, যা শেয়ার বাজারে বড়সড় ধস নামাতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

বিরোধী দলনেতার অভিযোগ, বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় মোদি সরকারের কোনো সুনির্দিষ্ট কৌশল নেই। ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায় বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহে সংকট তৈরি হয়েছে। ইতিমধ্য়েই এলপিজি এবং প্রিমিয়াম পেট্রলের দাম বৃদ্ধি পেলেও সাধারণ মানুষের কথা ভেবে জ্বালানির মূল দাম এখনো অপরিবর্তিত রাখা হয়েছে। রাহুলের দাবি, সরকার কেবল বিবৃতির আড়ালে পরিস্থিতি আড়াল করছে, যা নির্বাচনের পর চরম আকার ধারণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *