ভোটার কার্ডের নথিতে ‘রক্তের সম্পর্ক’! কমিশনের তালিকায় নেই তাও কীভাবে জমা পড়ল এই শংসাপত্র?
নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশিকা উপেক্ষা করে ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) শুনানিতে জমা পড়ল ‘রক্তের সম্পর্কের শংসাপত্র’। ভোটার হওয়ার প্রমাণ হিসেবে পাসপোর্ট বা জন্ম শংসাপত্রের মতো নির্দিষ্ট ১৩টি নথির বাইরে পঞ্চায়েত থেকে পাওয়া এই বিচিত্র শংসাপত্র জমা দেওয়ায় রীতিমতো হতবাক পর্যবেক্ষকরা। একাধিক কেন্দ্রে এই নজিরবিহীন ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে কমিশন। সংশ্লিষ্ট ভোটারদের পাশাপাশি কেন এই নথি গ্রাহ্য করা হলো, সেই প্রশ্ন তুলে এখন ইআরও-দেরও চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।
নথি যাচাইয়ের এই জটিল পর্বে কেবল বিচিত্র শংসাপত্রই নয়, ধরা পড়েছে মারাত্মক সব অসঙ্গতি। কোথাও দেখা যাচ্ছে জন্মের আগেই ইস্যু হয়েছে জন্ম শংসাপত্র, আবার কোথাও এনুমারেশন ফর্মে আবেদনকারীর জন্ম তারিখই উল্লেখ নেই। সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা। তার আগে নথির এমন পাহাড়প্রমাণ গরমিল নির্বাচন কমিশনের ওপর বাড়তি চাপ তৈরি করল। এই অনিয়মের সাথে জড়িতদের কঠোর জবাবদিহিতার মুখে পড়তে হতে পারে বলে মনে করা হচ্ছে।

