ভোটার তালিকা থেকে উধাও স্মৃতি ইরানির নাম, আমেঠিতে শোরগোল – এবেলা

এবেলা ডেস্কঃ
উত্তরপ্রদেশের আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা যখন তুঙ্গে, ঠিক তখনই রাজ্য রাজনীতিতে এক শোরগোল ফেলা দেওয়া তথ্য সামনে এসেছে। অমেঠির মেদান মাওয়াই গ্রামের স্থায়ী বাসিন্দা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির নাম বাদ পড়েছে সদ্য প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে। ২০১৪ সাল থেকে আমেঠির রাজনৈতিক আঙিনায় অত্যন্ত পরিচিত এই বিজেপি নেত্রীর নাম ভোটার তালিকা থেকে উধাও হয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
কেন বাদ পড়ল হেভিওয়েট নেত্রীর নাম
উত্তরপ্রদেশে সম্প্রতি সম্পন্ন হওয়া ‘এসআইআর’ (SIR) প্রক্রিয়ার জেরেই এই বিপত্তি ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এই শুদ্ধিকরণ পর্বে রাজ্যজুড়ে প্রায় ২ কোটি সাড়ে ৪ লক্ষ ভুয়ো বা ত্রুটিপূর্ণ নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও এই প্রক্রিয়ার পর রাজ্যে নতুন করে প্রায় ৪০ লক্ষ ভোটারের নাম তালিকায় যুক্ত হয়েছে, কিন্তু আশ্চর্যজনকভাবে বাদ পড়ে গেছেন খোদ স্মৃতি ইরানি। অথচ ২০২২ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও তিনি এই আমেঠি কেন্দ্রেরই ভোটার ছিলেন এবং নিজের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। ২০১৯ সালে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে পরাজিত করার পর নিজের প্রতিশ্রুতি মতো আমেঠিতে জমি কিনে স্থায়ীভাবে বসবাস শুরু করার পরেও কীভাবে তাঁর নাম বাদ গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে।
প্রশাসনিক তৎপরতা ও রাজনৈতিক প্রভাব
পঞ্চায়েত ভোটের মুখে দলের একজন হেভিওয়েট নেত্রী তথা প্রাক্তন সাংসদের নাম ভোটার তালিকায় না থাকা বিজেপির জন্য কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। তবে বিষয়টি প্রকাশ্যে আসতেই দ্রুত পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। আমেঠির জেলাশাসক জানিয়েছেন, ঠিক কী কারণে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর নাম তালিকা থেকে বাদ পড়ল, তা খতিয়ে দেখতে একটি তদন্ত শুরু করা হয়েছে। অন্যদিকে জেলার বিজেপি নেতৃত্ব এই ভুল সংশোধনে তৎপর হয়ে উঠেছে। জেলা বিজেপি সভাপতির পক্ষ থেকে জানানো হয়েছে যে, স্মৃতি ইরানির নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য ইতিমধ্যেই নির্দিষ্ট ফর্মে আবেদন জানানো হয়েছে এবং দ্রুতই তাঁর নাম তালিকায় পুনর্বহাল করা হবে।
