ভোটার তালিকা থেকে নাম বাদের আশঙ্কা, গোপালনগরে ব্যাপক পথ অবরোধ ও বিক্ষোভ
এসআইআর প্রক্রিয়ার পর চূড়ান্ত ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়ার আশঙ্কায় উত্তাল হয়ে উঠেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর। বৈরামপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দারা এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভে শামিল হন। আন্দোলনকারীদের অভিযোগ, লজিক্যাল ডিস্ক্রিপেন্সির নোটিস পাওয়ার পর শুনানিতে অংশ নিয়েও অনেকে বৈধ নথিপত্র জমা দিতে পারেননি। ফলে কয়েক হাজার মানুষের নাম তালিকা থেকে বাদ পড়ার উপক্রম হয়েছে, যার একটি বড় অংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ।
প্রশাসন সূত্রে খবর, উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলা মিলিয়ে প্রায় ৬ লক্ষ ১৯ হাজার ২২১ জন অবৈধ ভোটারের নাম তালিকা থেকে বাতিল করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র উত্তর ২৪ পরগনা জেলাতেই ১ লক্ষ ৮৮ হাজার ৭৪৬ জন ভোটারের নাম বাদ পড়েছে। বর্তমানে এসআইআর শুনানির কাজ শেষ করে নথি আপলোডের প্রক্রিয়া চলছে। কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার কথা রয়েছে, যা নিয়ে স্থানীয় জনমানসে তীব্র উৎকণ্ঠা তৈরি হয়েছে।
গোপালনগর এলাকায় দীর্ঘক্ষণ অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে বাসিন্দাদের হুঁশিয়ারি, চূড়ান্ত তালিকা প্রকাশের পর যদি বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যায়, তবে এই আন্দোলন আরও তীব্রতর হবে। প্রশাসনের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট আশ্বাস না মেলায় বৈরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষের মধ্যে চিন্তার মেঘ আরও ঘনীভূত হয়েছে। এলাকা জুড়ে বর্তমানে চাপা উত্তেজনা বিরাজ করছে।

