লেটেস্ট নিউজ

ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে ৫-৬ লক্ষ নাম, আগামীকাল চূড়ান্ত তালিকা প্রকাশ কমিশনের – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শেষে আগামীকাল শনিবার চূড়ান্ত তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। এই প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ থাকলেও কমিশন জানিয়েছে, প্রাথমিক হিসেবে প্রায় ৫ থেকে ৬ লক্ষ নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এই নামগুলি পরবর্তীকালে সাপ্লিমেন্টারি তালিকার মাধ্যমে পুনরায় যুক্ত হওয়ার সুযোগ থাকতে পারে।

কমিশন সূত্রে খবর, শনিবার দুপুরের মধ্যেই এই তালিকা প্রকাশ করা হবে। নাগরিকরা সরাসরি নির্বাচন কমিশনের ওয়েবসাইট (ceowestbengal.wb.gov.in) বা ‘ECINET’ অ্যাপের মাধ্যমে নিজেদের নাম যাচাই করতে পারবেন। এছাড়া জেলাশাসক, বিডিও এবং এসডিও অফিসগুলোতেও তালিকা টাঙানো থাকবে। রাজনৈতিক দলগুলোকে পেনড্রাইভের মাধ্যমে এই তালিকা প্রদান করা হলেও এখনই বিএলও-দের কাছে তা পাওয়া যাবে না।

অনলাইনে নাম চেক করার জন্য ভোটারদের এপিক (EPIC) নম্বর এবং রাজ্যের নাম ব্যবহার করতে হবে। যদি কারও এপিক নম্বর মনে না থাকে, তবে নাম ও ব্যক্তিগত তথ্য দিয়ে সার্চ করার বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। তালিকায় নামের পাশে ‘Deleted’ বা ‘Adjudication’ লেখা থাকলে বুঝতে হবে নাম বাদ পড়েছে অথবা বিষয়টি বর্তমানে বিচারাধীন রয়েছে। ইতিমধ্যে চূড়ান্ত তালিকা ছাপানোর কাজ শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *