লেটেস্ট নিউজ

ভোটার তালিকা থেকে বাদ ৬৩ লক্ষ নাম, সময়সীমা বৃদ্ধির ইঙ্গিত নির্বাচন কমিশনের

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এসআইআর প্রক্রিয়ায় বড়সড় তথ্য সামনে এল। পর্যাপ্ত নথি না থাকায় এখনও পর্যন্ত প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবারই অযোগ্য হিসেবে আরও প্রায় ৪ লক্ষ ৪৫ হাজার ভোটারের নাম বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশনের এই যাচাইকরণ প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু থেকেই বিতর্ক দানা বেঁধেছে।

বর্তমানে প্রায় ৬০ লক্ষ ভোটারের ভাগ্য অনিশ্চিত হয়ে রয়েছে। শুনানি পর্বে ৫ লক্ষ ভোটার অনুপস্থিত ছিলেন এবং লক্ষাধিক ভোটারের নথি জেলাশাসক পর্যায়ে ভেরিফিকেশন বাকি। এছাড়া ইআরও স্তরে প্রায় ২০ লক্ষ আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে এই বিপুল পরিমাণ কাজ শেষ হওয়া নিয়ে সংশয় তৈরি হওয়ায় জাতীয় নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ার মেয়াদ বাড়াতে পারে বলে সূত্রের খবর।

এদিকে ভেরিফিকেশনের জন্য ভিনরাজ্যে পাঠানো প্রায় ১ লক্ষ ভোটারের নথি এখনও ফেরত আসেনি। আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে প্রক্রিয়া শেষ করার কথা থাকলেও ডিজিটাল সিস্টেমে চূড়ান্ত যাচাই না হওয়ায় জেলা নির্বাচন আধিকারিকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। তবে রাজ্যের সিইও মনোজ আগরওয়াল আশ্বস্ত করেছেন যে, নির্দিষ্ট সময়ের মধ্যেই বাকি কাজ সম্পন্ন হবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *