লেটেস্ট নিউজ

ভোটার তালিকায় এসআইআর প্রক্রিয়া, সংখ্যালঘু ভোট কমানোর আশঙ্কায় বাড়ছে রাজনৈতিক পারদ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এসআইআর (SIR) প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা সংশোধন নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসন সূত্রে খবর, ইআরও-দের দ্বারা যাচাইকৃত অনেক নাম রোল অবজারভারদের লগ-ইন থেকে নতুন করে ‘রিভিউ’ করার নির্দেশ দেওয়া হচ্ছে। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে এই প্রবণতা বেশি দেখা দেওয়ায় রাজনৈতিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। একটি জেলায় একদিনেই এই তালিকা দেড় হাজার থেকে বেড়ে আট হাজারে পৌঁছেছে বলে জানা গেছে।

অভিযোগ উঠেছে যে, নির্দিষ্ট কিছু পদবি লক্ষ্য করে সিস্টেমের মাধ্যমে এই রিভিউ প্রক্রিয়া চালানো হচ্ছে। তবে নির্বাচন কমিশন এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালের মতে, নথিপত্রহীন বা ত্রুটিপূর্ণ আবেদনের ক্ষেত্রেই কেবল পুনরায় যাচাইয়ের নির্দেশ দেওয়া হচ্ছে। সিস্টেমের পক্ষে নির্দিষ্ট কোনো সম্প্রদায়কে চিহ্নিত করা আসাম্ভব বলে তিনি দাবি করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা হ্রাসের এই পাটিগণিত নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে গড়ে প্রায় ১০ হাজার ভোটারের নাম এই জটিলতায় পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিপূর্বে সংশোধনীতে বাদ পড়া ৫৮ লক্ষ ভোটারের মধ্যে প্রায় ১৮ লক্ষই সংখ্যালঘু সম্প্রদায়ের বলে সূত্রের খবর, যা শাসক ও বিরোধী উভয় শিবিরের নজর কেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *