ভোটার তালিকায় চরম গোপনীয়তা: মধ্যরাতে দ্বিতীয় তালিকা প্রকাশে তুঙ্গে বিতর্ক – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা নিয়ে নজিরবিহীন গোপনীয়তা বজায় রাখল নির্বাচন কমিশন। শুক্রবার গভীর রাতে রাজ্যের জন্য দ্বিতীয় ‘সাপ্লিমেন্টারি লিস্ট’ বা অতিরিক্ত সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে। তবে এই তালিকায় কতজন নতুন ভোটার যুক্ত হলেন বা কতজনের নাম বাদ গেল, সে বিষয়ে কমিশনের আধিকারিকরা সম্পূর্ণ নীরবতা পালন করছেন। যা নিয়ে রাজ্যজুড়ে তীব্র কৌতূহল ও রহস্য দানা বেঁধেছে।
কমিশন সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ বুথভিত্তিক এই তালিকা ওয়েবসাইটে আপলোড করা হয়। কিন্তু আপলোডের কিছুক্ষণের মধ্যেই কারিগরি বিভ্রাট দেখা দেয়। ফলে নাম বাদ যাওয়া বা যুক্ত হওয়ার তথ্য সংবলিত পেজগুলো সাধারণ মানুষ বা রাজনৈতিক দলগুলো খুলতে পারেনি। এক নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, দ্বিতীয় তালিকা প্রকাশ করা হলেও এর বাইরে তথ্য দেওয়ার এক্তিয়ার তাদের নেই।
এর আগে গত সোমবার প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশের সময়ও স্বচ্ছতার অভাব নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। বর্তমানে রাজ্যে বৈধ ভোটারের সংখ্যা প্রায় ৭.০৪ কোটি হলেও তালিকা বিভ্রাট রাজনৈতিক দলগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে এবং ৪ মে ফলাফল ঘোষণা করা হবে।

