ভোটার তালিকায় নাম সংশোধন: শুক্রবারই প্রকাশিত হচ্ছে কমিশনের প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে ভোটার তালিকার নাম সংশোধন নিয়ে চলা দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে আগামী শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। Supreme \titleonly কোর্টের নির্দেশে এবং কলকাতা হাইকোর্টের নজরদারিতে জুডিশিয়াল অফিসাররা বর্তমানে ৬০ লক্ষেরও বেশি বিবেচনাধীন নামের নথি যাচাই করছেন। বুধবার পর্যন্ত প্রায় ২৩ লক্ষ ৩০ হাজার নামের নিষ্পত্তি হয়েছে, যার ফলাফল এই তালিকায় প্রতিফলিত হবে।
প্রকাশিতব্য এই তালিকায় মূলত দুটি বিভাগ থাকবে— ‘অ্যাডিশন’ বা নতুন নাম সংযোজন এবং ‘ডিলিটেড’ বা নাম বাদ পড়া। আবেদনকারীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজস্ব এপিক (EPIC) নম্বর দিয়ে বর্তমান স্থিতি যাচাই করতে পারবেন। এ ছাড়াও সাধারণ মানুষের সুবিধার্থে প্রতিটি জেলাশাসকের দফতরে এই সাপ্লিমেন্টারি তালিকাটি প্রদর্শন করা হবে।
কমিশন সূত্রে জানানো হয়েছে, আগামী শুক্রবারের পর থেকে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে এই তালিকা আপডেট করা হবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট করেছেন যে, যাচাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে যাঁদের নাম তালিকায় যুক্ত হবে, তাঁরা সকলেই ভোট দেওয়ার অধিকার পাবেন। এমনকি নির্বাচনের আগের দিন নাম নথিভুক্ত হলেও সেই ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

