ভোটার তালিকায় নিজের নামের বদলে দেখছেন ‘বিচারাধীন’? কমিশনের সাইটে শোরগোল – এবেলা
এবেলা ডেস্কঃ
ভয়ঙ্কর বিভ্রাট! ভোটার তালিকায় নাম খুঁজতে গিয়ে রীতিমতো আঁতকে উঠছেন সাধারণ মানুষ। নির্বাচন কমিশনের ওয়েবসাইট খুলতেই নামের জায়গায় ফুটে উঠছে ‘বিচারাধীন’ শব্দটি। সোমবার দ্বিতীয় দফার ভোটার তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়েছে এই ল্যাজেগোবরে অবস্থা।
অনেকেই অভিযোগ করছেন, কমিশনের নির্দিষ্ট পোর্টালে এপিক কার্ড নম্বর দিলেই নামের পরিবর্তে রহস্যময় এই শব্দ দেখা যাচ্ছে। তবে মজার বিষয় হলো, বুথ নম্বর বা বিধানসভা কেন্দ্র দিয়ে সার্চ করলে আবার সব তথ্য ঠিকঠাক দেখাচ্ছে। ফলে বিভ্রান্তি চরমে পৌঁছেছে।
রাজ্য নির্বাচনী আধিকারিকের দফতর অবশ্য আশ্বস্ত করে জানিয়েছে, এটি একটি যান্ত্রিক ত্রুটি ছাড়া আর কিছুই নয়। দ্রুত এই টেকনিক্যাল গ্লিচ সারিয়ে ফেলার কাজ চলছে। আপনার নামটিও কি বদলে গিয়েছে? এখনই পোর্টালে গিয়ে নিজের স্ট্যাটাস যাচাই করে নিন।
কীভাবে চেক করবেন?
১. নির্বাচন কমিশনের ওয়েবসাইট (https://electoralsearch.eci.gov.in/) ভিজিট করুন।
২. আপনার ভোটার আইডি বা এপিক নম্বরটি দিন।
৩. আপনার বর্তমান স্ট্যাটাস দেখে নিশ্চিত হয়ে নিন।

