ভোটার তালিকায় ব্যাপক অসঙ্গতি, নির্বাচন কমিশনের দ্বারস্থ বিএলও ঐক্য মঞ্চ
রাজ্যে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় কারচুপির যে অভিযোগ শাসকদল তৃণমূল তুলেছিল, বিএলও-দের সাম্প্রতিক চিঠিতে তা নতুন মাত্রা পেয়েছে। বিএলও ঐক্য মঞ্চের দাবি, বহু বৈধ ভোটার প্রয়োজনীয় নথি জমা দেওয়া সত্ত্বেও নির্বাচনী আধিকারিকদের (ইআরও) মৌখিক নির্দেশে তাঁদের ‘আনম্যাপড’ করে রাখা হয়েছে। এই ঘটনার ফলে কয়েক হাজার যোগ্য নাগরিকের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
কোচবিহার, উত্তর দিনাজপুর, নদীয়া ও দক্ষিণ ২৪ পরগনা সহ বিভিন্ন জেলায় এই সমস্যা প্রকট হয়েছে। বিএলও-দের অভিযোগ, তথ্যগত অসংগতির অজুহাতে অনেক ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। এমনকি ম্যাপিংয়ের সময় তাঁদের সঠিক গাইডলাইন দেওয়া হয়নি বলেও তাঁরা জেলা নির্বাচনী আধিকারিক ও জেলাশাসককে জানিয়েছেন। তুফানগঞ্জের মতো এলাকায় বহু ভোটার সঠিক প্রমাণপত্র দিলেও তাঁদের নাম এখনও ঝুলে রয়েছে।
আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা। তার আগেই এই জটিলতা কাটাতে জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে বিএলও ঐক্য মঞ্চ। ভোটারদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করতে এবং তালিকা থেকে বৈধ নাম বাদ পড়া রুখতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আরজি জানিয়েছেন কর্মীরা। এই ঘটনায় নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।

