“ভোটার নাম কাটলেও নাগরিকত্ব ও রেশন কাড়া যাবে না”— সাফ জানাল সুপ্রিম কোর্ট – এবেলা

এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেই কোনো নাগরিককে রেশন বা অন্যান্য সামাজিক সুরক্ষামূলক সরকারি সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। মঙ্গলবার পশ্চিমবঙ্গের বিশেষ সংক্ষেপিত সংশোধন (SIR) সংক্রান্ত মামলার শুনানিতে এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ জানিয়েছে সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনের বিশেষ বেঞ্চে মামলাটির শুনানি চলাকালীন আবেদনকারীর আইনজীবী রউফ রহিম আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জানান, ভোটার তালিকা থেকে নাম কাটার ফলে সাধারণ মানুষ রেশন ও ডোমিসাইল সার্টিফিকেটের মতো জরুরি পরিষেবা পাচ্ছেন না। উদাহরণ হিসেবে এক NEET পরীক্ষার্থীর ডোমিসাইল সার্টিফিকেট না পাওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি। আইনজীবী সওয়াল করেন, যে মানুষগুলোর দু’বেলা অন্ন জোটে না, তাঁদের পক্ষে বারবার হাইকোর্টে যাওয়া আসাম্ভব।
এর জবাবে বিচারপতি জয়মাল্য বাগচী ও প্রধান বিচারপতি স্পষ্ট করেন যে, আদালতের বিহার সংক্রান্ত পূর্ববর্তী রাতেই আইনি অবস্থান পরিষ্কার করা হয়েছে:
- সীমিত এখতিয়ার: নির্বাচন কমিশন (ECI) কেবল ভোটার তালিকার যোগ্যতার তদন্ত করতে পারে, কিন্তু কারও স্থায়ী নাগরিকত্ব নির্ধারণ বা কেড়ে নেওয়ার একচ্ছত্র এখতিয়ার তাদের নেই।
- সুযোগ অব্যাহত: ভোটার তালিকা থেকে নাম কাটা মানেই কোনো ব্যক্তির রেশন পাওয়া বন্ধ হওয়া বা নাগরিকত্ব চলে যাওয়া নয়। নাগরিকত্ব আইনের অধীনে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আবেদন করার পথ সবসময় খোলা থাকে।
- হাইকোর্টের দ্বারস্থ হওয়ার অধিকার: তালিকা থেকে নাম বাদ পড়লেও আইনের আওতায় থাকা প্রাপ্য অধিকার বা সামাজিক সুবিধা পেতে সংক্ষুব্ধ ব্যক্তি হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন।
আদালত সাফ জানিয়েছে, কমিশন কোনো সিদ্ধান্ত নিলে নাগরিকত্ব নিষ্পত্তির জন্য বিষয়টি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর দায়িত্বও তাদের ওপরই বর্তায়।
