ভোটের আগে কি নাম কাটা যাচ্ছে? শোরগোলের মাঝে কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক – এবেলা
এবেলা ডেস্কঃ
জাতীয় ভোটার দিবসের মঞ্চ থেকে ভোটার তালিকা নিয়ে ওঠা সমস্ত জল্পনা ও অভিযোগ নস্যাৎ করলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। ভোটার তালিকা থেকে ঢালাও নাম বাদ দেওয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছিল তৃণমূল কংগ্রেস। এই প্রেক্ষিতে সিইও স্পষ্ট জানিয়েছেন যে, কোনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না এবং উপর মহল থেকে এ জাতীয় কোনও নির্দেশিকাও আসেনি।
ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শাসক দলের অভিযোগের সরাসরি উত্তর দেন মনোজকুমার আগরওয়াল। তিনি সাফ জানান, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় কোনওরকম অনিয়ম বা ভুল প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিএলও বা আধিকারিকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বচ্ছতা বজায় রাখতে কমিশন বদ্ধপরিকর এবং নাগরিকদের আশ্বস্ত করে তিনি বলেন যে, নিয়ম মেনেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

