লেটেস্ট নিউজ

ভোটের আগে বিধাননগরে পুলিশের মেগা অপারেশন চার এলাকা থেকে অস্ত্রসহ গ্রেফতার ৪ – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটের প্রাক্কালে বড়সড় সাফল্য পেল বিধাননগর কমিশনারেট। শহরজুড়ে পুলিশের কড়া নজরদারিতে সল্টলেক, নিউটাউন, এয়ারপোর্ট এবং নারায়ণপুর এলাকা থেকে উদ্ধার হলো চারটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড কার্তুজ। এই পৃথক চারটি ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে সল্টলেকে নাইট পেট্রোলিংয়ের সময় বিধাননগর দক্ষিণ থানার হাতে ধরা পড়ে মহম্মদ সোনু নামে এক যুবক। তার কাছ থেকে একটি দেশি পিস্তল উদ্ধার হয়। একই রাতে এয়ারপোর্ট থানার পুলিশ নাকা চেকিং চলাকালীন শেখ নাজিম নামে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করে।

অন্যদিকে, রবিবার রাতে ইকোপার্ক থানার পুলিশ নিউটাউন সংলগ্ন এলাকা থেকে সাজিদ আলি নামে একজনকে আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ পাওয়া যায়। এছাড়া শনিবার রাতে নারায়ণপুর থানার অভিযানে শেখ ফিরোজ নামে আরও এক যুবককে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকেও একটি দেশি পিস্তল ও কার্তুজ উদ্ধার হয়।

দিন চারেক আগেই বাগুইআটি এলাকা থেকে এক অস্ত্র পাচারকারীকে ধরেছিল পুলিশ। লোকসভা নির্বাচনের আগে এলাকায় শান্তি বজায় রাখতে কমিশনারেটের এই সাঁড়াশি অভিযান জারি থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *