ভোটের আগেই অভিষেকের সঙ্গে গায়ক অনীক ধর, তবে কি এবার রাজনীতির ময়দানে নতুন চমক – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক
বাংলার বিনোদন জগতের পরিচিত মুখ তথা জনপ্রিয় গায়ক অনীক ধর এবার রাজনীতির আঙিনায় পা রাখার জল্পনা উসকে দিলেন। শুক্রবার দুপুরে খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেন তিনি। আর এই ছবি ঘিরেই এখন রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।
সামনেই বাংলার বিধানসভা নির্বাচন। প্রার্থী বাছাইয়ের এই গুরুত্বপূর্ণ সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনীকের এই সাক্ষাৎকে নেহাত সৌজন্য বিনিময় হিসেবে দেখতে নারাজ রাজনৈতিক মহল। নিজের ফেসবুক পোস্টে অভিষেককে ‘ডায়নামিক’ নেতা বলে সম্বোধন করার পাশাপাশি তাঁর অদম্য জেদ এবং বাংলার উন্নয়নের প্রতি দায়বদ্ধতার ভূয়সী প্রশংসা করেছেন গায়ক। অনীকের মতে, তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করার ক্ষেত্রে অভিষেকের ভূমিকা অনস্বীকার্য।
রিয়েলিটি শো-এর মঞ্চ থেকে কেরিয়ার শুরু করে প্লে-ব্যাক ও আন্তর্জাতিক স্তরে নিজের পরিচিতি তৈরি করা অনীক এবার সরাসরি শাসকদলের পতাকা হাতে তুলে নেবেন কি না, তা নিয়ে এখন সরগরম নেটপাড়া। যদিও রাজনৈতিক ইনিংস শুরু নিয়ে অনীক নিজে সরাসরি কিছু খোলসা করেননি, তবে নির্বাচনের আগে তাঁর এই পদক্ষেপ ‘জল্পনার মুকুটে’ নতুন পালক যোগ করল বলেই মনে করা হচ্ছে।

