লেটেস্ট নিউজ

ভোটের আগেই প্রস্তুতিতে এগিয়ে তৃণমূল, তৈরি খসড়া প্রার্থী তালিকা

নির্বাচন কমিশন কর্তৃক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই প্রার্থী বাছাইয়ের কাজে বড়সড় পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে খবর, ২৯৪টি আসনের জন্য ইতিমধ্যেই একটি খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অভিজ্ঞতা ও তারুণ্যের মেলবন্ধন ঘটিয়ে এই তালিকা তৈরি করেছে ঘাসফুল শিবির।

তালিকায় বিশেষ গুরুত্ব পেয়েছে কলকাতা ও নন্দীগ্রামের মতো হাই-প্রোফাইল কেন্দ্রগুলি। জানা গেছে, কলকাতার অধিকাংশ বর্তমান বিধায়কই পুনরায় টিকিট পেতে পারেন। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রার্থী হচ্ছেন। অন্যদিকে, শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামে এবার কোনো ভূমিপুত্রকে লড়াইয়ে নামানোর পরিকল্পনা করছে দল। উত্তরবঙ্গের রাজবংশী ও চা শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতেও অত্যন্ত সতর্কতার সাথে প্রার্থী বাছাই করা হচ্ছে।

খসড়া তালিকা প্রস্তুতির ক্ষেত্রে বর্তমান বিধায়ক ও স্থানীয় নেতাদের সাথে দীর্ঘ আলোচনা এবং গত নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করা হয়েছে। বিশেষত বেহালা ও শোভন-রত্না-বৈশাখী কেন্দ্রিক জট কাটাতে খোদ দলনেত্রীর হস্তক্ষেপের সম্ভাবনা রয়েছে। জয়ের সম্ভাবনা এবং লড়াইয়ের মাটি বিচার করেই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *