ভোটের নির্ঘণ্ট বাজতেই নাওয়া-খাওয়া ভুললেন দেওয়াল লিখন শিল্পীরা, বাড়ছে আয় – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোটের বাদ্যি বাজতেই বহরমপুরসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে দেওয়াল লিখন শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে উঠেছে। কাকভোরে রঙ-তুলি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে দিনভর হাড়ভাঙা খাটুনির পর সন্ধ্যায় ফিরছেন তাঁরা। শিল্পীদের দাবি, প্রতিদিন গড়ে ৪০ থেকে ৪৫টি দেওয়ালের কাজ করছেন তাঁরা। রাজনৈতিক দল নির্বিশেষে ডাক আসায় এখন দম ফেলার সময় নেই রমেশ সরকার বা মহাদেব ঘোষদের মতো পেশাদার শিল্পীদের।
বাঙালির কাছে নির্বাচন মানেই এক উৎসব, যা অনেকের বাড়তি আয়ের সুযোগ করে দেয়। বর্তমানে প্রচারের হাতিয়ার হিসেবে দেওয়াল জুড়ে শাসকদলের জনমুখী প্রকল্প, ছড়া ও কার্টুন ফুটিয়ে তোলা হচ্ছে। সাধারণ প্রতীকের জন্য দেওয়াল প্রতি ৮০-১০০ টাকা এবং প্রার্থীর নামসহ পূর্ণাঙ্গ লিখনের জন্য ১৮০-২০০ টাকা পারিশ্রমিক নিচ্ছেন শিল্পীরা। তবে দেওয়াল চুনকাম ও অনুমতির দায়িত্ব থাকছে সংশ্লিষ্ট দলের ওপর।
প্রার্থী ঘোষণার পর থেকে কাজের চাপ কয়েক গুণ বেড়েছে। অনেক শিল্পীই এখন পুরনো প্রতীক আঁকা দেওয়ালগুলোতে প্রার্থীর নাম লিখে তা সম্পূর্ণ করছেন। অভিনব কার্টুন বা শৈল্পিক কাজের ক্ষেত্রে পারিশ্রমিক আরও কিছুটা বেশি মিলছে। আগামী অন্তত দুই সপ্তাহ এই চরম ব্যস্ততা বজায় থাকবে বলে জানিয়েছেন স্থানীয় শিল্পীরা। নির্বাচনের এই মরসুমে তুলির টানেই এখন তাঁদের ভাগ্য ফিরছে।

