লেটেস্ট নিউজ

ভোটের মুখে ফের বাড়ল অটো গ্যাসের দাম, কলকাতায় চরম বিপাকে চালক ও যাত্রীরা – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতায় ফের একদফায় বড়সড় বৃদ্ধি পেল অটো রিকশার জ্বালানি এলপিজি গ্যাসের দাম। বৃহস্পতিবার লিটার প্রতি ৮ টাকা দাম বাড়ায় বর্তমানে অটোগ্যাসের নতুন মূল্য দাঁড়িয়েছে ৭০ টাকা ৬৮ পয়সা। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পরপরই একদফা ৫ টাকা দাম বেড়েছিল। এক সপ্তাহের ব্যবধানে পরপর দুবার এই নজিরবিহীন মূল্যবৃদ্ধিতে কার্যত দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ অটোচালকরা।

জ্বালানির এই আকাশছোঁয়া দামবৃদ্ধির ফলে ভোটের ঠিক আগে শহর ও শহরতলিতে অটোর ভাড়া বাড়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। চালকদের দাবি, এত অল্প সময়ের ব্যবধানে এই পরিমাণ দামবৃদ্ধি সামাল দেওয়া তাঁদের পক্ষে প্রায় আসাম্ভব হয়ে পড়ছে। এর ফলে পরিবহণ খরচ নিয়ে সাধারণ মানুষের মধ্যে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এদিকে শহর ও শহরতলির বিভিন্ন রুটে ইতিমধ্যেই বিক্ষিপ্তভাবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠতে শুরু করেছে। অনেক জায়গায় যাত্রীদের সঙ্গে চালকদের বচসার খবরও পাওয়া যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে ভাড়া বৃদ্ধির কোনো ঘোষণা না এলেও, জ্বালানির এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রভাবে যাত্রী পরিষেবায় বড় ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *