ভোটের মুখে বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ, জালে ৫ কারবারি – এবেলা
এবেলা ডেস্কঃ
মালদহের চাঁচলে আন্তঃরাজ্য সীমান্তে পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হলো পাঁচ কারবারিকে। ধৃত সুকদেব শাহ, অমিত কুমার শাহসহ বাকিরা সকলেই বিহারের কাটিহারের বাসিন্দা। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ ও বিহার সীমান্ত সংলগ্ন এলাকায় কড়া নজরদারি ও নাকা চেকিং শুরু করেছে জেলা পুলিশ। মঙ্গলবার রাতে চাঁচল থানার নলকুঠিয়া এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি চালানোর সময় এই অস্ত্র উদ্ধার হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে দু’টি দেশি কাট্টা, একটি সেভেন এমএম পিস্তল এবং বেশ কিছু তাজা কার্তুজ ও গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের বয়স ১৯ থেকে ২৫ বছরের মধ্যে। পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, ধৃতরা বিহার থেকে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র পাচারের উদ্দেশ্যেই মালদহে প্রবেশ করেছিল। এই চক্রের সাথে আরও বড় কোনো আন্তঃরাজ্য যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে জোরদার তদন্ত শুরু হয়েছে।
নির্বাচনের আগে এলাকায় আতঙ্ক ছড়ানো বা কোনো বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে এই অস্ত্র আনা হয়েছিল কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখছে প্রশাসন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের মূল পান্ডাদের হদিশ পাওয়ার চেষ্টা চলছে। সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে যাতে ভোটের আগে কোনোভাবেই শান্তিশৃঙ্খলা বিঘ্নিত না হয়। বর্তমানে ধৃতদের হেফাজতে নিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে চাঁচল থানার পুলিশ।

