ভোটের মুখে রাজ্য পুলিশে ফের বড় রদবদল ৫ রেঞ্জে নতুন ডিআইজি নিয়োগ – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে আবারও বড়সড় রদবদল করল ভারতের নির্বাচন কমিশন। প্রশাসনিক স্বচ্ছতা ও সুষ্ঠু ভোট পরিচালনার লক্ষ্যে এবার একসঙ্গে পাঁচটি গুরুত্বপূর্ণ রেঞ্জের ডিআইজি পদে বদলির নির্দেশিকা জারি করা হয়েছে। রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, জলপাইগুড়ি এবং প্রেসিডেন্সি রেঞ্জের দায়িত্ব সামলাবেন নতুন আইপিএস অফিসাররা। বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে তাঁদের নতুন পদে যোগ দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০০৯ ব্যাচের রাঠৌর অমিতকুমার ভরতকে রায়গঞ্জ এবং ২০১১ ব্যাচের শ্রীহরি পাণ্ডেকে বর্ধমান রেঞ্জের ডিআইজি করা হয়েছে। প্রেসিডেন্সি রেঞ্জে কঙ্কর প্রসাদ বারুই, জলপাইগুড়িতে অঞ্জলি সিং এবং মুর্শিদাবাদ রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে অজিত সিং যাদব দায়িত্ব পাচ্ছেন। এর পাশাপাশি বারাসাত, কোচবিহার, বীরভূম ও ডায়মন্ড হারবারসহ একাধিক গুরুত্বপূর্ণ পুলিশ জেলায় নতুন এসপি নিয়োগ করা হয়েছে।
নির্বাচন কমিশনের এই ধারাবাহিক রদবদল শুরু হয়েছে গত রবিবার থেকে। ইতিপূর্বেই রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডেসহ শীর্ষ আধিকারিকদের অপসারণ করা হয়েছে। কলকাতার নতুন নগরপাল হয়েছেন অজয় কুমার নন্দ এবং এডিজি (আইনশৃঙ্খলা) পদে এসেছেন অজয় রানাডে। রাজ্যে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই কমিশন এই কড়া পদক্ষেপ গ্রহণ করছে বলে জানানো হয়েছে।

