লেটেস্ট নিউজ

ভোটের মুখে হাড়োয়ায় তৃণমূলের বুথ সভাপতির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, এলাকায় তীব্র চাঞ্চল্য – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটের আবহে উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় এক তৃণমূল নেতার নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। মৃতের নাম মসিউর কাজি (৩৮), যিনি দেগঙ্গার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের গাংনীয়া এলাকার বুথ সভাপতি ছিলেন। বৃহস্পতিবার সকালে শংকরপুর পঞ্চায়েতের ঝুজুরগাছা এলাকা থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাত ন’টা নাগাদ একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন মসিউর। সারারাত নিখোঁজ থাকার পর সকালে তাঁর হাত কাটা ও রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। স্বজনদের দাবি, পরিকল্পিত চক্রান্তের অংশ হিসেবেই তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে অত্যন্ত নৃশংসভাবে খুন করা হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, ভারী কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করে মসিউরকে হত্যা করা হয়েছে। বর্তমানে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার নেপথ্যে থাকা অপরাধীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে প্রশাসন। নির্বাচনের প্রাক্কালে এই রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনায় ঝুজুরগাছা ও সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *