ভোররাতেই তারাপীঠের হোটেলে আগুন! পুজো দিতে গিয়ে ঘুমন্ত অবস্থাতেই মর্মান্তিক পরিণতি ৭ পুণ্যার্থীর – এবেলা

এবেলা ডেস্কঃ
বীরভূমের বিখ্যাত তীর্থক্ষেত্র তারাপীঠের একটি বেসরকারি হোটেলে ভোররাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন অন্তত ৭ জন পুণ্যার্থী। সোমবার ভোর সাড়ে ৪টে নাগাদ তারাপীঠ থানার কাছেই অবস্থিত ‘বিদিশিনি’ নামক হোটেলটির গ্রাউন্ড ফ্লোরে আচমকাই আগুন লেগে যায়। সেই সময় অধিকাংশ আবাসিকই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। মুহূর্তের মধ্যে ধোঁয়া ও আগুনে গোটা ভবন ঢেকে গেলে তীব্র চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং দগ্ধ অবস্থায় ৭ জনের মৃতদেহ উদ্ধার করে। মৃত ও আহতদের মধ্যে অনেকেই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও দিনহাটার বাসিন্দা বলে জানা গিয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত একাধিক আবাসিককে রামপুরহাট গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। পুলিশ ও দমকলের যৌথ দল হোটেলে আটকে পড়া বাকি আবাসিকদের উদ্ধারে ব্যাপক তল্লাশি চালায়। প্রাথমিক তদন্তে দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকেই হয়তো এই ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে। তবে হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না এবং নিরাপত্তার গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজসহ সবদিক নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে প্রশাসন।
