মঞ্চে হাহাকার, ভক্তদের বাঁচাতে মাঝপথে প্রচার থামালেন যশ! – এবেলা
.jpg.webp?ssl=1)
এবেলা ডেস্কঃ
হায়দরাবাদের মাল্লা রেড্ডি বিশ্ববিদ্যালয়ে ‘টক্সিক’-এর প্রি-রিলিজ অনুষ্ঠানে উপচে পড়া ভিড়ের চাপে ভেঙে পড়ল সাউন্ড বক্সের কাঠামো। শনিবার রাতের এই আকস্মিক দুর্ঘটনায় অন্তত দু’জন পড়ুয়া আহত হয়েছেন এবং ভিড়ের উত্তেজনায় এক তরুণী জ্ঞান হারিয়েছেন। ছবির প্রচারে যশকে দেখতে হাজার হাজার অনুরাগীর ঢল নেমেছিল। পরিস্থিতি সামাল দিতে দর্শকদের কাছাকাছি থাকা সাউন্ড বক্সের সেটআপটি আচমকাই ভিড়ের দিকে হেলে পড়লে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার আকস্মিকতায় মঞ্চ থেকেই বক্তব্য থামিয়ে দেন জনপ্রিয় অভিনেতা যশ। তিনি দ্রুত আয়োজকদের ডেকে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং অ্যাম্বুল্যান্সে করে তাঁদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পাশাপাশি, কাঠামোর ওপর চড়ে বসা অনুরাগীদের নেমে আসার অনুরোধ জানিয়ে শান্ত থাকার বার্তা দেন অভিনেতা। পুলিশ আগে থেকেই অতিরিক্ত ভিড় নিয়ে সতর্ক করলেও ভক্তদের উৎসাহে ছেদ পড়েনি। আগামী ২৬ অগস্ট মুক্তি পেতে চলা গীতু মোহনদাস পরিচালিত এই বহুল প্রতীক্ষিত ছবি ঘিরে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে রয়েছে।
