মণিপুরে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর, পাকড়াও ৫ জঙ্গি ও ট্রাকে অগ্নিসংযোগের মূল অভিযুক্ত – এবেলা
এবেলা ডেস্কঃ
মণিপুরে নাশকতাবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সোমবার তেংনৌপাল জেলার মোরেহ সংলগ্ন ভারত-মায়ানমার সীমান্ত এলাকা থেকে পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে সীমান্তের ৭৩ ও ৭৫ নম্বর বর্ডার পিলারের মধ্যবর্তী স্থানে অভিযান চালিয়ে তাদের ধরা হয়। ধৃতরা প্রত্যেকেই বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
অন্য একটি অভিযানে জাতীয় সড়কে ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। চলতি মাসের শুরুতে ২ নম্বর জাতীয় সড়কে পণ্যবাহী ট্রাকে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় দীর্ঘ তল্লাশির পর তাকে চিহ্নিত করা হয়। অভিযুক্তের নাম রামায়ো ভাশুম (৫১)। সেনাপতি জেলার কাঠিকো এলাকা থেকে তাকে হেফাজতে নিয়েছে পুলিশ প্রশাসন।
রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সীমান্ত সংলগ্ন এলাকায় বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড রুখতে নজরদারি আরও জোরদার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মণিপুরের স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

