মদের টানে কদম গাছে, ‘শোলে’ স্টাইলে যুবকের হাঙ্গামা – এবেলা
এবেলা ডেস্কঃ
শান্তিপুরে মদের নেশায় এক যুবকের কাণ্ড দেখে চক্ষু চড়কগাছ স্থানীয়দের। বসন্তীর জন্য নয়, বরং স্রেফ মদের নেশায় শান্তিপুরের উদয়পুরে প্রায় ৫০ ফুট উঁচু একটি কদম গাছের মগডালে চড়ে বসেন ওই যুবক। হাতে লাঠি ও ব্যাগ নিয়ে দীর্ঘক্ষণ গাছের মাথায় বসে থাকায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। দীর্ঘ দুই ঘণ্টা ধরে নানাভাবে বুঝিয়েও তাঁকে গাছ থেকে নামানো যাচ্ছিল না। শেষমেশ পরিস্থিতি সামাল দিতে এক অভিনব কৌশল অবলম্বন করে পুলিশ। ওই যুবককে নিচে থেকে মদের বোতল দেখিয়ে প্রলোভন দেওয়া হয়। আর তাতেই কাজ হয়! মদের টানে সুড়সুড় করে নিচে নেমে আসেন তিনি। পুলিশ ওই যুবককে আটক করেছে এবং তাঁর পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে।

