মদ্যপ অবস্থায় অনুষ্ঠান করার অভিযোগ! উত্তরাখণ্ডের মন্ত্রীর বিরুদ্ধে মোদিকে নালিশ সিনে সংগঠনের – এবেলা

মদ্যপ অবস্থায় অনুষ্ঠান করার অভিযোগ! উত্তরাখণ্ডের মন্ত্রীর বিরুদ্ধে মোদিকে নালিশ সিনে সংগঠনের – এবেলা

এবেলা ডেস্কঃ

মদ্যপ অবস্থায় পারফর্ম করার অভিযোগ তুলে প্রবীণ গায়ক দালের মেহেন্দিকে প্রকাশ্যে অপমানের ঘটনার তীব্র প্রতিবাদ জানাল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)। উত্তরাখণ্ডের ক্যাবিনেট মন্ত্রী সুবোধ উনিয়ালের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পর থেকেই সাংস্কৃতিক মহলে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। দালের মেহেন্দির পাশে দাঁড়িয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে সিনে সংগঠনটি। চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, সংশ্লিষ্ট শিল্পী মদ্যপান করেন না এবং বর্তমানে তিনি অস্ত্রোপচারের পর শারীরিক অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।

সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, একটি অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করার গুরুত্ব অনস্বীকার্য, তবে প্রকাশ্যে কোনো শিল্পীকে তিরস্কার করার পরিবর্তে সংবেদনশীলতা ও বিচক্ষণতা বজায় রাখা উচিত। ভারতীয় সংগীতজগতে দালের মেহেন্দির দীর্ঘদিনের অবদান ও জনপ্রিয়তার কথা স্মরণ করিয়ে দিয়ে FWICE উল্লেখ করেছে, একজন প্রবীণ শিল্পীর সঙ্গে এই ধরণের অপমানজনক আচরণ অত্যন্ত দুঃখজনক। এর আগে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গায়ক মিকা সিংও মন্ত্রীকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন। শিল্পীর সম্মান ও মর্যাদা রক্ষার্থে এই ঘটনার একটি নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছে দেশের অন্যতম প্রধান এই সিনে সংগঠন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *