মদ্যপ চালকের বেপরোয়া গতিতে ইকো পার্কের সামনে খেলনার মতো উলটে গেল গাড়ি – এবেলা
এবেলা ডেস্কঃ
NEWS DESK : নিউটাউনের ইকো পার্কের কাছে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল। একটি দ্রুতগতির চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অ্যাপ ক্যাব ও পরে ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, চালকসহ গাড়িতে থাকা চারজনই মদ্যপ অবস্থায় ছিলেন। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগান এবং পুলিশ আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। ঘাতক গাড়িটিকে ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে।
বারবার সচেতনতা সত্ত্বেও বিশ্ববাংলা সরণিতে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা কমছে না। গত মাসেই একই এলাকায় এক স্কুটি চালকের মৃত্যু হয়েছিল, যার রেশ কাটতে না কাটতেই এই নতুন দুর্ঘটনা পথ নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তদন্ত শুরু করেছে। এলাকার বাসিন্দারা রাতের শহরে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

