মদ্যপানের প্রতিবাদ করায় খুন! বান্টির স্ত্রীর পাশে দাঁড়িয়ে বড় ঘোষণা অর্জুনের! – এবেলা

এবেলা ডেস্কঃ
গারুলিয়ায় মাদক ও প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় খুন হওয়া শেখর চৌধুরী ওরফে বান্টির পরিবারের পাশে দাঁড়ালেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং। বৃহস্পতিবার নিহতের বাড়িতে গিয়ে পরিবারের হাতে ৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেন তিনি। পাশাপাশি, শ্রাদ্ধকর্ম শেষ হলেই বান্টির স্ত্রীকে পুরসভায় চাকরির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন অর্জুন। নিহত বান্টি প্রাক্তন বিধায়ক সুনীল সিংয়ের আপ্ত সহায়ক ও রাজনৈতিক কর্মী ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে স্ত্রী ও শিশুসন্তানের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে।
এদিন অর্জুনের সঙ্গে বান্টির বাড়িতে যান সুনীল সিংও। অভিযুক্তরা মাদক কারবারের সঙ্গে যুক্ত বলে দাবি করে অর্জুন জানান, স্কুলের কাছে অপকর্মের প্রতিবাদ করায় বান্টিকে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে। এই মামলায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে। অন্যদিকে, স্বামীর হত্যাকারীদের কঠোর শাস্তি ও ফাঁসির দাবি জানিয়েছেন শোকাচ্ছন্ন নিহতের স্ত্রী।
