লেটেস্ট নিউজ

মধ্যপ্রদেশে আক্রান্ত মালদহের পরিযায়ী শ্রমিক, কাঠগড়ায় ভাষাগত বিদ্বেষ

বিজেপিশাসিত মধ্যপ্রদেশে মালদহের কালিয়াচকের এক পরিযায়ী শ্রমিকের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে। আক্রান্ত ৩৭ বছর বয়সী সৈয়দ শেখ পেশায় কাপড় ব্যবসায়ী এবং কালিয়াচকের পাহাড়পুরের বাসিন্দা। গত ১৯ ফেব্রুয়ারি ধারালো অস্ত্র দিয়ে তাঁর পেট ও হাতে আঘাত করা হয় বলে অভিযোগ। বর্তমানে গুরুতর জখম অবস্থায় তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

পরিবারের দাবি, বাঙালি পরিচয় এবং বাংলায় কথা বলার জেরেই তাঁর ওপর এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। এর আগেও সেখানে তাঁকে ভাষাগত কারণে হেনস্তা করা হতো বলে জানা গেছে। ঘটনায় আতঙ্কিত পরিবার অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। খবর পেয়েই স্থানীয় তৃণমূল নেতৃত্ব পাশে দাঁড়িয়ে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সাম্প্রতিক সময়ে পুণে ও বেঙ্গালুরুতে বাংলার পরিযায়ী শ্রমিকদের মৃত্যু ও আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। এই আবহে মধ্যপ্রদেশের ঘটনাটি ভাষাগত ও সাংস্কৃতিক নিরাপত্তার প্রশ্নে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। প্রশাসন এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার না করায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *