মধ্যপ্রাচ্য যুদ্ধের কোপ পড়বে না আমজনতার পকেটে! মোদীর মাস্টারস্ট্রোক ও ক্যাবিনেটের ৬টি বড় সিদ্ধান্ত – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরান, ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলা রক্তক্ষয়ী সংঘাতের আঁচ যাতে ভারতের সাধারণ মানুষের গায়ে না লাগে, তার জন্য কড়া পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, মধ্যপ্রাচ্যের সংকটের প্রভাব থেকে দেশবাসীকে মুক্ত রাখতে প্রতিটি মন্ত্রক ও দফতরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সম্ভাব্য যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশাসনকে সব সময় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
২৮শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান যুদ্ধের আজ ১১তম দিন। দীর্ঘস্থায়ী এই লড়াইয়ের জেরে দেশে তেল ও গ্যাসের জোগানে টান পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে অনেক রাজ্যে রান্নার গ্যাসের সংকট দেখা দিয়েছে, যার প্রভাব পড়ছে হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়। এই কঠিন পরিস্থিতিতে আমজনতাকে স্বস্তি দিতেই সরাসরি ময়দানে নামলেন প্রধানমন্ত্রী।
জ্বালানি সংকট রুখতে ভারত ইতিমধ্যে অপরিশোধিত তেল ও গ্যাস সরবরাহের কৌশলে বড় বদল এনেছে। গ্যাস ঘাটতি মেটাতে দেশের শোধনাগারগুলিকে এলপিজি উৎপাদন বাড়ানোর কড়া নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, কালোবাজারি ও মজুতদারি রুখতে ‘২৫ দিনের আন্তঃবুকিং’ নিয়ম কার্যকর করেছে সরকার। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে দেশীয় এলপিজি সরবরাহকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের মতো জরুরি ক্ষেত্রগুলোতে আমদানিকৃত এলপিজি পৌঁছে দেওয়ার জন্য বিশেষ কমিটিও গঠন করা হয়েছে।
এদিনের মন্ত্রিসভা বৈঠকে দেশের পরিকাঠামো ও জনকল্যাণে আরও ৬টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে:
১. দেশজুড়ে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে ‘জল জীবন মিশন ২.০’ অনুমোদন।
২. তামিলনাড়ুর মাদুরাই বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা প্রদান।
৩. জেওয়ার এবং ফরিদাবাদের মধ্যে সংযোগকারী উন্নত ‘এলিভেটেড রোড’ নির্মাণে সিলমোহর।
৪. রেল পরিষেবা উন্নত করতে সাঁইথিয়া ও পাকুরের মধ্যে চতুর্থ রেললাইন নির্মাণের সিদ্ধান্ত।
৫. সাঁতরাগাছি এবং খড়গপুরের মধ্যে চতুর্থ রেললাইন প্রকল্পের অনুমোদন।
৬. মধ্যপ্রদেশ হাইওয়ে প্রকল্পের জন্য বড়সড় অর্থ বরাদ্দ।
বিশ্ব রাজনীতির অস্থিরতার মাঝেও দেশের অর্থনীতি ও জনজীবন স্বাভাবিক রাখতে মোদী সরকারের এই বহুমুখী পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

