মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: ইরান ও কাতারের গ্যাস ফিল্ডে পাল্টাপাল্টি হামলা – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পকে না জানিয়েই ইজরায়েল ইরানের সাউথ পার্স গ্যাস ফিল্ডের একটি অংশে হামলা চালিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই ঘটনার প্রতিক্রিয়ায় ইরান কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির প্রধান এলএনজি (LNG) হাবে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ট্রাম্প এই হামলার তীব্র নিন্দা জানিয়ে তেহরানকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন যে, ইজরায়েলি হামলার বিষয়ে আমেরিকা আগে থেকে কিছুই জানত না এবং এতে কাতারের কোনো সংশ্লিষ্টতা ছিল না। তবে ইরান পরিস্থিতি বিবেচনা না করেই অন্যায়ভাবে কাতারের জ্বালানি পরিকাঠামোয় আঘাত হেনেছে। ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি পুনরায় কাতারে হামলা চালায়, তবে আমেরিকা এককভাবেই ইরানের সাউথ পার্স গ্যাস ফিল্ড সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতে ইজরায়েল ও আমেরিকা ইরানের তেল-গ্যাস কেন্দ্রে ধারাবাহিক আক্রমণ চালাচ্ছে। পাল্টাপাল্টি ড্রোন ও মিসাইল হামলায় পুরো অঞ্চল এখন রণক্ষেত্র। এদিকে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে রাখায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক স্তরে জরুরি ওষুধ ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

