মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ: ভারতে আকাশছোঁয়া হতে পারে প্লাস্টিক ও ওষুধের দাম – এবেলা
এবেলা ডেস্কঃ
আমেরিকা, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে তেল ও গ্যাসের তীব্র সংকট তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতায় ব্যাহত হচ্ছে পলিমারের সরবরাহ ব্যবস্থা, যার সরাসরি প্রভাব পড়ছে ভারতের বাজারে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOCL) গত ২৫ মার্চ থেকে প্লাস্টিকের কাঁচামালের দাম বাড়িয়েছে। এর ফলে গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে প্যাকেটজাত খাবার ও পানীয়র দাম সাধারণ মানুষের নাগালের বাইরে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
শিল্প সূত্রে খবর, চলতি মাসে পিভিসি (PVC)-র দাম প্রতি টনে প্রায় ১৩,০০০ টাকা বেড়েছে। পাশাপাশি পলিপ্রোপিলিন ও পলিথিনের দামও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এই পলিমারগুলো মূলত বালতি, মগ, কন্টেইনার এবং বিভিন্ন পণ্যের প্যাকেজিংয়ে ব্যবহৃত হয়। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কো ম্পা নিগুলো হয় পণ্যের খুচরা মূল্য বাড়াতে পারে, অথবা খরচ নিয়ন্ত্রণে প্যাকেটের পরিমাণ কমিয়ে দেওয়ার পথে হাঁটতে পারে।
সংকট কেবল রান্নাঘরেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়ছে স্বাস্থ্যখাতেও। সিরিঞ্জ, আইভি বোতল, গ্লাভস এবং ওষুধের প্যাকেজিংয়ে ব্যবহৃত প্লাস্টিকের দাম বৃদ্ধি পাওয়ায় চিকিৎসার খরচ বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালী বন্ধ থাকায় কাঁচামালের ঘাটতি দেখা দিয়েছে, যার ফলে এপ্রিল মাসেই জীবনদায়ী ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের দাম সংশোধিত হতে পারে। উদ্ভূত এই পরিস্থিতিতে লজিস্টিক ও পেট্রোকেমিক্যাল সরবরাহ ব্যবস্থা চরম চ্যালেঞ্জের মুখে পড়েছে।

