মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি কাঁপিয়ে দেবে ভারতের বাজার? জ্বালানি সংকট নিয়ে মোদীর মেগা মাস্টারপ্ল্যান – এবেলা
এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র থেকে ধেয়ে আসা অর্থনৈতিক ঝড়ের মোকাবিলায় রণকৌশল স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভায় দাঁড়িয়ে তিনি সাফ জানান, উত্তপ্ত ভূ-রাজনৈতিক পরিস্থিতির সরাসরি প্রভাব ভারতের ওপর পড়ছে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাস আমদানিতে তৈরি হওয়া ঝুঁকি সামলাতে তৈরি সরকার।
প্রধানমন্ত্রী জানান, সংকট মেটাতে ভারত এখন ২৭টির বদলে ৪১টি দেশ থেকে তেল আমদানি করছে। আপৎকালীন পরিস্থিতির জন্য দেশে মজুত রয়েছে ৫৩ লক্ষ মেট্রিক টনের বেশি তেল। পেট্রোলে ২০ শতাংশ ইথানল মিশ্রণ এবং রেলের দ্রুত বিদ্যুতায়ন জ্বালানির ওপর চাপ অনেকটাই কমিয়েছে।
যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে উদ্ধারকাজ নিয়ে মোদী বলেন, এ পর্যন্ত ৩ লক্ষ ৭৫ হাজারের বেশি ভারতীয়কে নিরাপদে ফেরানো হয়েছে। যার মধ্যে ইরান থেকে আসা ৭০০ জন মেডিকেল পড়ুয়াও রয়েছেন। ১ কোটি প্রবাসী ভারতীয়র নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক স্তরে যোগাযোগ রাখছে কেন্দ্র।
কৃষি ও সার সরবরাহ নিয়ে মোদী আশ্বাস দিয়েছেন যে, দেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রয়েছে। পরিস্থিতি সামলাতে ৬টি নতুন ইউরিয়া কারখানা চালু করা হয়েছে। প্রধানমন্ত্রীর কথায়, সমুদ্রপথ নিরাপদ রাখতে এবং দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে ভারত সম্পূর্ণ প্রস্তুত।

