মধ্যপ্রাচ্যের যুদ্ধে ওষুধের আকাশছোঁয়া দামবৃদ্ধির আশঙ্কা, সংকটে সাধারণ মানুষ – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জেরে ভারতে জীবনদায়ী ওষুধের দাম ১০ থেকে ২০ শতাংশ বৃদ্ধি পাওয়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। দিল্লি ড্রাগ ট্রেডার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, যুদ্ধের কারণে আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজগুলি ঘুরপথে আসায় পরিবহণ খরচ আকাশছোঁয়া হয়েছে। এর ফলে ওষুধের কাঁচামাল আমদানিতে বড়সড় ধাক্কা লেগেছে, যা সরাসরি উৎপাদন প্রক্রিয়ার ওপর প্রভাব ফেলছে।
কেবল কাঁচামালই নয়, ওষুধের প্যাকেজিংয়ে ব্যবহৃত অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের দামও প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, বর্তমান মজুত ভাণ্ডার ফুরিয়ে গেলে আগামী ১০-১৫ দিনের মধ্যে বাজারে ওষুধের তীব্র সংকট দেখা দিতে পারে। বিশেষ করে প্যারাসিটামল, মেটফরমিন এবং অ্যান্টিবায়োটিকের মতো নিত্যপ্রয়োজনীয় ওষুধের জোগান বজায় রাখা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।
এই পরিস্থিতি মোকাবিলায় এবং উৎপাদন সচল রাখতে ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি কেন্দ্রীয় সরকারের কাছে একটি আপৎকালীন রিপোর্ট জমা দিয়েছে। সেখানে কাঁচামালের জোগান নিশ্চিত করার পাশাপাশি ওষুধের দাম সামান্য বৃদ্ধির অনুমতি চাওয়া হয়েছে। গুজরাত, মহারাষ্ট্র ও তেলঙ্গানার মতো প্রধান উৎপাদন কেন্দ্রগুলিতে ওষুধের আকাল রুখতে এখন কেন্দ্রের হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।

