মধ্যপ্রাচ্যের যুদ্ধে বিপাকে নাসিকের চাষিরা, কোটি কোটি টাকার ফল নষ্টের আশঙ্কা – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে গভীর সংকটে পড়েছেন ভারতের ফল রফতানিকারক ও চাষিরা। বিশেষ করে মহারাষ্ট্রের নাসিক থেকে পাঠানো আঙুর ও কলা বোঝাই ৩৫০টিরও বেশি কন্টেনার আন্তর্জাতিক বন্দরে আটকে রয়েছে। যুদ্ধের কারণে শিপিং রুট বিঘ্নিত হওয়ায় জওহরলাল নেহরু বন্দর থেকে পাঠানো বহু কন্টেনার দেশে ফিরে আসছে। এর ফলে পচনশীল ফল নষ্ট হওয়ার পাশাপাশি রফতানিকারকদের প্রতি কন্টেনারে লক্ষ লক্ষ টাকা লোকসান গুনতে হচ্ছে।
পরিবহন ব্যবস্থা থমকে যাওয়ায় হিমাগারগুলোতেও জায়গার অভাব দেখা দিয়েছে। আন্তর্জাতিক শিপিং কো ম্পা নিগুলো নতুন করে অতিরিক্ত সারচার্জ আরোপ করায় রফতানি খরচ কয়েক গুণ বেড়ে গিয়েছে। বর্তমানে প্রতি ২০ ফুট কন্টেনারে প্রায় ২ হাজার ডলার পর্যন্ত বাড়তি কর দিতে হচ্ছে। প্রতিকূল পরিস্থিতিতে বিদেশের বাজারে রফতানি বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় ব্যবসায়ীরা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।
এই সংকটের সরাসরি প্রভাব পড়ছে স্থানীয় কৃষকদের ওপর। রফতানি ব্যাহত হওয়ায় অভ্যন্তরীণ বাজারে ফলের দাম হু হু করে কমছে। আগে যে কলা প্রতি কেজি ২১ টাকায় বিক্রি হতো, বর্তমানে তার দাম নেমে দাঁড়িয়েছে ১৩ টাকায়। আসাময়ের বৃষ্টিতে উৎপাদন আগেই কম ছিল, তার ওপর যুদ্ধজনিত এই আর্থিক ক্ষতি নাসিকের কয়েক হাজার কৃষক ও ব্যবসায়ীর মেরুদণ্ড ভেঙে দিচ্ছে।

