‘মনে হয়েছিল আমি মারা যাব’: ক্যানসার ধরা পড়ার সেই ভয়ানক রাত নিয়ে মুখ খুললেন মনীষা কৈরালা – এবেলা

এবেলা ডেস্কঃ
জীবনের কঠিনতম অধ্যায় মানুষকে নতুন করে বাঁচতে শেখায়—অভিনেত্রী মনীষা কৈরালার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। ২০১২ সালে স্টেজ ৪ ওভারিয়ান ক্যানসারে আক্রান্ত হওয়ার পর সম্পূর্ণ বদলে যায় তাঁর জীবনের অগ্রাধিকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়কার ভয়, একাকিত্ব ও মৃত্যুর আশঙ্কার কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন এই তারকা।
সুশান্ত প্রধানের সঙ্গে কথোপকথনে মনীষা জানান, নেপালের নরভিক ইন্টারন্যাশনাল হাসপাতালে প্রথম ক্যানসারের খবর পান তিনি। সেই রাতের ভয়াবহ স্মৃতির কথা তুলে ধরে তিনি বলেন, “রাতটি আমার জীবনের সবচেয়ে একাকী ও দীর্ঘ সময় ছিল। মনে হয়েছিল অন্ধকারের মাঝে আটকে পড়েছি, যেন এখনই মারা যাব।”
পরবর্তীকালে চিকিৎসার জন্য নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারে যান তিনি। অস্ত্রোপচার ও একাধিক কেমোথেরাপির পর ২০১৩ সালের এপ্রিল মাসে ক্যানসারমুক্ত হন মনীষা। এই কঠিন অভিজ্ঞতা তাঁর জীবনদর্শন পুরোপুরি বদলে দেয়। তিনি উপলব্ধি করেন, চারপাশে মানুষের ভিড় থাকলেও ক্যানসারের মতো অসুস্থতা একজন মানুষকে কতটা একাকী করে দিতে পারে।
ক্যানসার জয় করে মনীষা সুস্থ জীবনের দ্বিতীয় সুযোগ পেয়েছেন। আগে দিনে ১৮ ঘণ্টা পর্যন্ত কাজ করা মনীষা এখন স্বাস্থ্যের যত্নকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেন। বর্তমানে পরিবার, প্রকৃতি, সুস্থতা এবং জীবনের প্রতিটি মুহূর্তের প্রতি কৃতজ্ঞ থাকাকেই প্রাধান্য দিয়ে পথ চলছেন এই অভিনেত্রী।
