মনোজ পন্থের উপস্থিতি ঘিরে বিতর্ক: সুকান্তর গ্রেফতারির দাবির পাল্টা জবাব নবান্নের
রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক পারদ চড়ল। কলকাতা হাইকোর্টের এক বৈঠকে প্রাক্তন মুখ্যসচিব মনোজ পন্থের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে তাঁর গ্রেফতারির দাবি জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করে বর্তমানে মুখ্যসচিব পদে না থাকা সত্ত্বেও পন্থ ওই বৈঠকে যোগ দিয়েছেন, যা সম্পূর্ণ বেআইনি। সুকান্ত এই বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ এবং এফআইআর দায়েরের দাবি তুলেছেন।
পাল্টা জবাবে নবান্ন জানিয়েছে, বর্তমান মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর অনুমোদনক্রমেই মনোজ পন্থ ওই বৈঠকে উপস্থিত ছিলেন। প্রশাসনিক সূত্রের দাবি, বর্তমানে তিনি মুখ্যমন্ত্রীর প্রধান সচিব হিসেবে কর্মরত এবং সেই পদমর্যাদার ভিত্তিতেই বৈঠকে অংশ নিয়েছেন। উল্লেখ্য, এসআইআর সংক্রান্ত এই উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্য সচিব ও মুখ্য নির্বাচনী আধিকারিকসহ একাধিক শীর্ষ আধিকারিক উপস্থিত ছিলেন। প্রশাসন পন্থের উপস্থিতিকে সম্পূর্ণ বৈধ বলে দাবি করেছে।
এদিকে, প্রায় ১ কোটি ২০ লক্ষ তথ্যে অসঙ্গতি এবং ৩২ লক্ষ অনম্যাপড ভোটারের জট কাটাতে এসআইআর প্রক্রিয়ার গতি বাড়ানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ওড়িশা, ঝাড়খণ্ড ও বিহার থেকে বিচার বিভাগীয় আধিকারিক এনে দ্রুত কাজ শেষ করার অনুমতি দেওয়া হয়েছে। প্রায় ৬০ লক্ষ অভিযোগ নিষ্পত্তির এই বিপুল প্রশাসনিক চাপের মুখে আইনি ও রাজনৈতিক লড়াই এখন তুঙ্গে। আদালতের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল।

