মন্দারমণিতে মর্মান্তিক পরিণতি! উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু এক পর্যটকের, নিখোঁজ আরও এক – এবেলা

এবেলা ডেস্কঃ
প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা ও সতর্কবার্তা উপেক্ষা করে জোয়ারের উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে বড় ধরণের অঘটন ঘটে গেল পূর্ব মেদিনীপুরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র মন্দারমণিতে। শনিবার ছুটির দিনে হঠাৎ করেই সমুদ্রের জলে নেমে বিপদে পড়েন বেশ কয়েকজন পর্যটক। ঢেউয়ের তোড়ে দুই যুবক গভীর জলে তলিয়ে গেলে উপকূল জুড়ে মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ নুলিয়ারা স্পিড বোট নিয়ে উদ্ধারকাজে নেমে পড়েন এবং দীর্ঘ দুই ঘণ্টা তল্লাশির পর একজনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত পর্যটকের নাম সোমনাথ মজুমদার, যিনি দক্ষিণ ২৪ পরগণার মহেশতলার দুলালপুর পূর্ব পাড়ার বাসিন্দা ছিলেন।
এই মর্মান্তিক ঘটনার পর থেকেই নিখোঁজ অপর এক পর্যটককে খুঁজে বের করতে স্পিড বোট ও ড্রোন সহকারে জোরদার তল্লাশি অভিযান চালাচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসন ও উদ্ধারকারী দল। নিখোঁজ যুবকের নাম কমলেশ মণ্ডল, তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগণার জামালহাটি এলাকায়। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। মন্দারমণি সৈকত জুড়ে নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং পর্যটকদের সুরক্ষার খাতিরে উত্তাল সমুদ্রের কাছাকাছি যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। দিঘা সংলগ্ন উপকূলবর্তী এলাকাতেও নজরদারি জোরদার করা হয়েছে যাতে ভবিষ্যতে এমন অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হয়।
