মমতাকে ছেঁটে ফেলেই নতুন কমিটি! ফিরহাদ-অরূপ-সহ একগুচ্ছ হেভিওয়েটকে শোকজ তৃণমূলের – এবেলা

মমতাকে ছেঁটে ফেলেই নতুন কমিটি! ফিরহাদ-অরূপ-সহ একগুচ্ছ হেভিওয়েটকে শোকজ তৃণমূলের – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: যে নেতারা এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন, মিছিলে কিংবা মঞ্চে যাঁদের সবসময় নেত্রীর দু’পাশে দেখা যেত, এবার তাঁরাই হাঁটলেন চরম বিদ্রোহের পথে! মমতাকে সম্পূর্ণ বাদ দিয়ে তৃণমূলের নতুন কমিটি গড়ার জেরেই এবার ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়-সহ একগুচ্ছ হেভিওয়েট নেতাকে শোকজ (Show Cause) নোটিস ধরাল ঘাসফুল শিবিরের শৃঙ্খলারক্ষা কমিটি।

নিউটাউনের হোটেলে ‘বিদ্রোহী’দের রুদ্ধদ্বার বৈঠক:

সোমবার নিউটাউনের এক অভিজাত হোটেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাদের উপস্থিতিতে আয়োজিত বৈঠকে হাজির ছিলেন অরূপ রায়, জাভেদ খানের মতো দাপুটে নেতারা। বৈঠক শেষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই জানিয়ে দেন, তৃণমূলের চেয়ারপার্সন পদে বসছেন অরূপ রায়। এরপরই প্রকাশ্যে আনা হয় সমান্তরাল কমিটির অন্যান্য পদাধিকারীদের নাম।

শোকজের খাঁড়া কাদের ওপর?

দলনেত্রীকে বাদ দিয়ে এই সমান্তরাল কমিটি গঠনের পরেই কড়া অ্যাকশনে নামে তৃণমূল। দলবিরোধী কাজের অভিযোগে সরাসরি কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে হাওড়ার বর্ষীয়ান বিধায়ক অরূপ রায়, কসবার জাভেদ খান, উত্তর ২৪ পরগনার রথীন ঘোষ, দক্ষিণ দিনাজপুরের বিপ্লব মিত্র, হুগলির স্নেহাশিস চক্রবর্তী এবং মালদহের সাবিনা ইয়াসমিনকে। বাদ যাননি কলকাতার দুই দাপুটে মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাসও।

এক নজরে বিদ্রোহীদের ঘোষিত নতুন তৃণমূল কমিটি:

  • চেয়ারপার্সন: অরূপ রায়
  • ভাইস প্রেসিডেন্ট: অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, রথীন ঘোষ
  • সাধারণ সম্পাদক: জাভেদ খান, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাবিনা ইয়াসমিন
  • কোষাধ্যক্ষ: আখরুজ্জামান
  • জাতীয় কর্মসমিতির সদস্য: অরূপ রায়, ⁠ফিরহাদ হাকিম, ⁠অরূপ বিশ্বাস, ⁠সাবিনা ইয়াসমিন, ⁠সন্দীপন সাহা, ⁠রথীন ঘোষ, ⁠বিপ্লব মিত্র, ⁠ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান এবং কাজল শেখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *