মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর: নন্দীগ্রাম ও ভবানীপুর নিয়ে চড়ল রাজনৈতিক পারদ – এবেলা
এবেলা ডেস্কঃ
নন্দীগ্রামে আয়োজিত এক কর্মীসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি নন্দীগ্রামের ভোটারদের নিজ এলাকার দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আপনারা নন্দীগ্রাম দেখে নিন, আমি ভবানীপুর সামলাচ্ছি।” অতীতের রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গ টেনে নিজেকে মেদিনীপুরের ভূমিপুত্র হিসেবে দাবি করে তিনি জানান, কোনো চাপের কাছেই তিনি মাথা নত করবেন না।
ভবানীপুরের নবনিযুক্ত রিটার্নিং অফিসারকে কেন্দ্র করে তৃণমূলের আপত্তির জবাবে শুভেন্দু পালটা মুখ্যমন্ত্রীকে ‘গদ্দার’ বলে কটাক্ষ করেন। তাঁর দাবি, রাজীব গান্ধী বা অটল বিহারী বাজপেয়ীর মতো নেতাদের হাত ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থান, অথচ তিনি তাঁদের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছেন। নন্দীগ্রামের মানুষের আত্মবলিদানের কারণেই তিনি আজ মুখ্যমন্ত্রী হতে পেরেছেন বলেও মন্তব্য করেন শুভেন্দু।
নির্বাচনী রণকৌশল সাজানোর পাশাপাশি এদিন বড়সড় প্রতিশ্রুতিও দেন বিরোধী দলনেতা। তিনি ঘোষণা করেন, ক্ষমতায় এলে ১ জুন থেকে সাধারণ মানুষের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে দেওয়া হবে। আসন্ন নির্বাচনে বিজেপি ১৭৭টি আসন দখল করবে বলে আত্মবিশ্বাসের সাথে দাবি করেন তিনি। রামনগর ও পটাশপুরের সভা থেকেও তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান এই বিজেপি নেতা।

