মমতার বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করে বড় চমক দিলেন বিদ্রোহী নেতা হুমায়ুন কবীর – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে জনতা বিকাশ পার্টির প্রার্থী তালিকা ঘোষণা করলেন হুমায়ুন কবীর। শুভেন্দু অধিকারীর মতোই তিনি রেজিনগর ও নওদা—এই দুই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বহরমপুরে অধীর চৌধুরীকে সমর্থনের পাশাপাশি তিনি জানান, তাঁর দল ১৮২টি আসনে লড়বে। এমনকি ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একজন অহিন্দিভাষী মুসলিম প্রার্থী দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তৃণমূলকে ভোট না দেওয়ার আবেদন জানিয়ে হুমায়ুন স্পষ্ট করেছেন যে তিনি বাম-কংগ্রেস নয়, বরং আসাদউদ্দিন ওয়াইসির মিম-এর সঙ্গে জোট বেঁধে এগোবেন। সম্প্রতি ওয়াই প্লাস নিরাপত্তা পাওয়া এই নেতা দাবি করেছেন, রেজিনগর ও নওদায় বিশাল ব্যবধানে জয়লাভ করবেন তিনি। নন্দীগ্রামের প্রার্থীর নাম আগামী রবিবার ঘোষণা করা হবে। এই রাজনৈতিক সমীকরণ রাজ্যের মুসলিম ভোটব্যাঙ্কে বড়সড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

