লেটেস্ট নিউজ

মমতার সভার পরেই রণকৌশল বদল তৃণমূলের, ডাবগ্রাম-ফুলবাড়িতে তুঙ্গে প্রচার – এবেলা

এবেলা ডেস্কঃ

ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার ২৪ ঘণ্টার মধ্যেই প্রচারের কৌশল বদল করল তৃণমূল কংগ্রেস। বুধবার জাবরাভিটার সভা থেকে মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে প্রার্থী রঞ্জন শীলশর্মাকে জয়ী করার আহ্বান জানান। কেন্দ্রীয় বঞ্চনা ও জনবিরোধী নীতির বিরুদ্ধে তাঁর দেওয়া সেই কড়া বার্তাকে হাতিয়ার করেই এবার ময়দানে নেমেছে ঘাসফুল শিবির।

বৃহস্পতিবার সকাল থেকেই ডাবগ্রাম-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্লক সভাপতি দিলীপ রায়ের নেতৃত্বে বাড়ি বাড়ি প্রচার শুরু হয়। দলের মূল সংগঠনের পাশাপাশি মহিলা, ছাত্র ও যুব শাখা পৃথকভাবে ছোট ছোট দলে বিভক্ত হয়ে মানুষের দুয়ারে পৌঁছাচ্ছে। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুফল এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূলকে সমর্থনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করছেন কর্মীরা।

তৃণমূলের এই সক্রিয়তায় অবশ্য আমল দিতে নারাজ বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, গতবারও মুখ্যমন্ত্রীর সভার পরেও এই এলাকায় বিজেপি জয়লাভ করেছিল, তাই সাধারণ মানুষ তৃণমূলের প্রচারে প্রভাবিত হবেন না। এদিন রামনবমীর কর্মসূচিতে ব্যস্ত থাকায় বিজেপির প্রচার স্তিমিত থাকলেও, আগামী দিনে তারা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। ডাবগ্রাম-ফুলবাড়িতে এখন দুই শিবিরের রাজনৈতিক লড়াই তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *