‘মসজিদ বানিয়ে তবেই দুবাই যাব!’ রেজিনগরে ‘পদ্মঝড়’ দেখেই দেশ ছাড়ার বিস্ফোরক ঘোষণা হুমায়ুন কবীরের – এবেলা

এবেলা ডেস্কঃ
রেজিনগর উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় একপ্রকার নিশ্চিত হতেই রাজ্য রাজনীতিতে চরম শোরগোল ফেলে দিলেন আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) শীর্ষ নেতা তথা বিধায়ক হুমায়ুন কবীর। ভোটের ফলাফল প্রকাশের আগেই রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে গণনার ট্রেন্ডে গেরুয়া শিবিরের জয় স্পষ্ট হতেই হতাশা ও ক্ষোভ থেকে আরও এক ধাপ এগিয়ে সরাসরি দেশ ছাড়ার ইচ্ছা প্রকাশ করলেন তিনি। সমস্ত রাজনৈতিক জল্পনার অবসান ঘটিয়ে তিনি জানিয়ে দিয়েছেন, এবার ভারত ছেড়ে সোজা দুবাইয়ে পাড়ি জমাতে চান।
শুক্রবার রেজিনগর কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা চলাকালীন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক অভূতপূর্ব মন্তব্য করেন হুমায়ুন। তিনি বলেন, “২০২৯ সালে আমার বয়স ৬৬ বছর হবে। যে ক’দিন বেঁচে থাকব, দুবাইয়ে গিয়ে সমুদ্রের হাওয়ায় ঘুরেফিরে আনন্দ করে কাটাতে চাই। এমনকি সেখানেই যেন আমার কবর হয়, সেটাই আমার ইচ্ছা।”
উল্লেখ্য, গত বছর রেজিনগরে বাবরি মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েই তৃণমূল কংগ্রেস ছেড়ে নিজের নতুন দল গড়েছিলেন হুমায়ুন কবীর। পরবর্তীতে সেই একই প্রতিশ্রুতি বজায় রেখে নওদা কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে জয়ী হন তিনি। রেজিনগরে দলের এই চরম বিপর্যয়ের পর প্রশ্ন ওঠে—তবে কি প্রতিশ্রুতি আসাম্পূর্ণ রেখে দেশ ছাড়ছেন তিনি?
এই প্রশ্নের মুখে দাঁড়িয়ে নিজের অবস্থান পরিষ্কার করে দেন বিধায়ক। তিনি স্পষ্ট জানিয়ে দেন, মসজিদ নির্মাণের দায়িত্ব তিনি নিজের কাঁধে নিয়েছেন এবং তা শেষ না করে এক পা-ও নড়বেন না। তাঁর সাফ কথা, “মসজিদ কমপ্লিট করে তবেই দুবাই যাব।” উপনির্বাচনের এই হাইভোল্টেজ রাজনীতির জল কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
