মস্ত বড় তাণ্ডব! মুক্তি পেতেই ধামাকা বয়ান ধ্রুব রাঠীর, পুলিশি পদক্ষেপ না কি সোজা অপহরণ? – এবেলা

এবেলা ডেস্কঃ
হুলস্থুল কাণ্ড দেশজুড়ে! গুরুগ্রামের বাড়ি থেকে আচমকা আটক হওয়া জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী গভীর রাতে মুক্তি পেয়েই বিস্ফোরক অভিযোগ এনেছেন। সিজেপির বিক্ষোভ কর্মসূচিতে যাওয়ার পথে পুলিশের হাতে আটক হওয়ার পর রোববার সকালে ভিডিও বার্তায় নিজের ক্ষোভ উগড়ে দেন তিনি। তাঁর স্পষ্ট দাবি, এই ঘটনাটি কোন আইনি আটক বা গ্রেফতারি ছিল না, বরং সাধারণ পোশাকের ২০-২২ জন লোক তাঁকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে তুলে নিয়ে গিয়ে সরাসরি ‘ অপহরণ’ করেছে। ধস্তাধস্তির সেই মুহূর্তে জুতো পরার সুযোগটুকুও মেলেনি এবং দীর্ঘ ২০-২২ ঘণ্টা তাঁর ফোন কেড়ে নেওয়া হয়েছিল। একইসঙ্গে ভিডিওতে নিজের ভারতীয় পাসপোর্ট দেখিয়ে জার্মান নাগরিকত্বের সমস্ত গুঞ্জন এক ঝটকায় উ উড়িয়ে দিয়েছেন তিনি।
এদিকে এই নাটকীয় ঘটনার কেন্দ্রে থাকা ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও প্রিভেন্টিভ অ্যারেস্টের পর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশে আদালত থেকে মুক্তি দেওয়া হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরু ও দিল্লিতে আয়োজিত বিক্ষোভে সক্রিয় অংশগ্রহণ নিয়ে এই বিতর্ক চরমে পৌঁছায়। দিল্লির পুলিশকর্তাদের মতে, আগামীতে নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করলে কঠোর আইনি পদক্ষেপ বা গ্রেফতারির মুখে পড়তে হতে পারে ধ্রুবকে। তবে সাদা পোশাকের ব্যক্তিদের এই তাণ্ডব ও জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার ঘটনায় বর্তমানে গোটা রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশের ভূমিকা নিয়ে একগুচ্ছ বড় প্রশ্ন উঠে গিয়েছে।
