মহালয়া থেকে পুজো: ৩ হাজার ড্রোনের আলোয় কলকাতার আকাশে জীবন্ত হয়ে উঠবে বাংলার সংস্কৃতি! – এবেলা

এবেলা ডেস্কঃ
দুর্গাপুজোয় কলকাতার আকাশ আলোকিত হতে চলেছে এক অভূতপূর্ব ড্রোন শোয়ের মাধ্যমে। যোগদিবসের আদলে তিলোত্তমার রাতের আকাশে প্রায় ৩ হাজার ড্রোনের সহায়তায় ফুটিয়ে তোলা হবে দুর্গাপুজোর নানা ঐতিহ্যবাহী দৃশ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মহালয়া এবং পুজোর নির্ধারিত দিনগুলিতে এই বর্ণাঢ্য আয়োজনের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের বাঙালি সংগঠন ও ভারতীয় দূতাবাসগুলিকেও উৎসবের সঙ্গে যুক্ত করা হবে। রাজ্যের সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরতে এখন থেকেই ব্যাপক প্রস্তুতি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই মহাযজ্ঞকে সফল করতে ড্রোন শোয়ের পাশাপাশি আলো, সঙ্গীত ও মঞ্চের পরিবেশনাকে এক সুতোয় বাঁধার পরিকল্পনা রয়েছে। বিশেষ দিনগুলিতে ঢাকের আওয়াজ ও ধুনুচি নাচের সঙ্গে ছৌ, ঝুমুর, বাউল, কীর্তন এবং সমকালীন শিল্পকলা পরিবেশিত হবে। পাশাপাশি, পর্যটন দপ্তরের উদ্যোগে একটি দীর্ঘমেয়াদী কনসার্টের পরিকল্পনাও করা হয়েছে। উৎসবের আমেজে কলকাতার পাশাপাশি রাজ্যের গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও স্থাপত্যগুলিকেও বর্ণিল আলোকসজ্জায় সাজিয়ে তোলার প্রস্তুতি চলছে।
