মহালয়ার আগেই কলকাতায় কড়া ট্রাফিক বিধিনিষেধ, প্যান্ডেলে প্রতিমা নেওয়ার রুটে আমূল বদল

উৎসবের দিন আসার আগেই তিলোত্তমায় ট্রাফিক পুলিশ জারি করল একগুচ্ছ জরুরি বিধিনিষেধ। প্যান্ডেলে প্রতিমা পৌঁছনোর পথ সুগম ও যানজট মুক্ত রাখতে আগামী ৮ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলের রুট পরিবর্তন করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, প্রতিমাবাহী সমস্ত যানকে যতীন্দ্রমোহন অ্যাভিনিউ, রাজা নবকৃষ্ণ স্ট্রিট ও অরবিন্দ সরণি হয়ে রবীন্দ্র সরণিতে প্রবেশ করতে হবে এবং পরবর্তীতে মদনমোহন তলা, বাগবাজার স্ট্রিট ও স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোড দিয়ে নির্দিষ্ট গন্তব্যে বের হতে হবে। অন্য সাধারণ পণ্যবাহী গাড়িগুলোকে রবীন্দ্র সরণির বিকল্প হিসেবে স্ট্র্যান্ড রোড, নিমতলা ঘাট স্ট্রিট, বি কে পাল অ্যাভিনিউ, যতীন্দ্রমোহন অ্যাভিনিউ ও গিরিশ অ্যাভিনিউ ব্যবহার করতে বলা হয়েছে।
রাস্তায় চলাচলের স্বাভাবিক গতি বজায় রাখতে শোভাবাজার স্ট্রিট থেকে ডি সি ব্যানার্জি রোড পর্যন্ত স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডে যেকোনো ধরনের নো-পার্কিং নিয়ম কঠোরভাবে লাগু থাকবে। প্রতিমাবাহী গাড়িগুলোকে কেবল শোভাবাজার স্ট্রিট থেকে বাগবাজার স্ট্রিট পর্যন্ত রবীন্দ্র সরণির পশ্চিম দিকে পার্ক করার অনুমতি দেওয়া হলেও কালীঘাট ব্রিজ ও জেরুট ব্রিজে তাদের জন্য থাকবে নির্দিষ্ট বিধিনিষেধ। এ ছাড়া, হাজরা রোড ও কালীঘাট রোডের ক্রসিং থেকে প্রতিমাবাহী গাড়ি ব্যতীত অন্য যেকোনো যান উত্তরমুখী হয়ে কালীঘাট রোডে ঢুকতে পারবে না। নির্দিষ্ট তারিখ ও সময় মেনে প্রতিমা পরিবহনের গাড়ি শহরের অন্যান্য অংশে চলাচলের ছাড়পত্র পাবে।
