মহিলা সাংসদের ‘শাড়ির আঁচল’ নিয়ে কুরুচিকর মন্তব্য! বিজেপি সভাপতির বিরুদ্ধে রণংদেহী রাহুল-প্রিয়াঙ্কা

মহিলা সাংসদের ‘শাড়ির আঁচল’ নিয়ে কুরুচিকর মন্তব্য! বিজেপি সভাপতির বিরুদ্ধে রণংদেহী রাহুল-প্রিয়াঙ্কা

রাজনীতির লড়াইয়ে ব্যক্তিগত আক্রমণ ও কুরুচিকর ভাষার প্রয়োগ নিয়ে ফের উত্তাল জাতীয় রাজনীতি। গুজরাট বিজেপি সভাপতি জগদীশ বিশ্বকর্মার একটি মন্তব্যকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত, যা এখন বিজেপি বনাম কংগ্রেসের এক বড় রাজনৈতিক যুদ্ধে রূপ নিয়েছে। কংগ্রেস সাংসদ গেন্নিবেন থাকোরকে লক্ষ্য করে করা ওই মন্তব্যকে ‘নারী-বিদ্বেষী’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

বিতর্কের সূত্রপাত ও জগদীশ বিশ্বকর্মার মন্তব্য

সম্প্রতি একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় গুজরাট বিজেপি সভাপতি জগদীশ বিশ্বকর্মা কংগ্রেস সাংসদ গেন্নিবেন থাকোরকে আক্রমণ করতে গিয়ে অত্যন্ত বিতর্কিত একটি রূপক ব্যবহার করেন। তিনি দাবি করেন, তাঁরা গেন্নিবেনের “শাড়ির আঁচলে বাঁধা পঞ্চায়েত আসনগুলো টেনে খুলে নিয়েছেন।” একজন মহিলা জনপ্রতিনিধির পোশাক ও সম্মান নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্যের পরেই কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে, বিজেপি নেতার এই ভাষা তাঁদের ‘মনুবাদী মানসিকতা’ ও নারীর প্রতি আসাম্মানজনক দৃষ্টিভঙ্গিকেই প্রতিফলিত করে।

রাহুল-প্রিয়াঙ্কার পাল্টা আক্রমণ ও বিজেপির অস্বস্তি

ঘটনার প্রতিবাদে রাহুল গান্ধী এক্স-এ (টুইটার) একটি দীর্ঘ পোস্টে দাবি করেন, বিজেপির ‘নারী-পূজার’ মুখোশ এবার দেশবাসীর সামনে খুলে গিয়েছে। তিনি প্রধানমন্ত্রী মোদীর পুরোনো বক্তব্য স্মরণ করিয়ে দিয়ে বলেন, নারীরা অন্য কিছু ভুললেও অপমান ভোলে না এবং গুজরাটের নারীরাই এর যোগ্য জবাব দেবেন। অন্যদিকে, প্রিয়াঙ্কা গান্ধীও সরব হয়ে অভিযোগ করেছেন যে, বিজেপি সরকার একদিকে সংসদে নারীদের অপমান করে, আবার বাইরেও তাঁদের নেতারা একই আচরণ করেন। কংগ্রেসের পক্ষ থেকে অবিলম্বে জগদীশ বিশ্বকর্মার নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভোটগণনার আগে জাতীয় রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *